শুক্রবার থেকে চালু হচ্ছে ‘সিএমপি বন্ধন’

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩১ , ১১:২৫ এএম

শুক্রবার থেকে চালু হচ্ছে ‘সিএমপি বন্ধন’

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় মামলা কিংবা কোনো জিডি করলে এখন থেকে এসএমএসের মাধ্যমে বাদীকে হালনাগাদ তথ্য জানিয়ে দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে যাচ্ছে সিএমপি। বুধবার  (৩০ ডিমেম্বর) এ সেবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি বন্ধনের বিশেষত্ব হলো মামলা, জিডি কিংবা অভিযোগের পর থানায় আসা সেবা প্রার্থীদের এখন আর তদন্তকারী অফিসারের পেছনে ঘুরতে হবে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে সেবা গ্রহীতার মোবাইলে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এসএমএস চলে যাবে। মামলার সর্বশেষ অবস্থা, তদন্ত প্রতিবেদন, মামলার ধারা, চার্জশীট ইত্যাদি সম্পর্কে বাদীকে বিস্তারিত জানানো হবে।

সিএমপি কমিশনার এই সেবা প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানায় এসএমএস প্রথা চালু করা হলো। এখন আর মামলা, জিডি কিংবা অভিযোগকারীদের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার পেছনে দৌঁড়াতে হবে না। সেই অফিসারের মোবাইল নম্বরে বাদী সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। এর ফলে সাধারণ জনগণের সাথে পুলিশের সেতুবন্ধন আরও মজবুত হবে বলে তিনি মনে করেন।