নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২৬ , ০৮:৪৮ পিএম
সিটিজেন নিউজ
বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে এ সংক্রান্ত আদেশ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সরকারের জ্বালানি বিভাগ। এর মধ্য দিয়ে আবাসিক গ্যাসের নতুন সংযোগের অপেক্ষায় থাকা সব গ্রাহকের আশা গুড়েবালিতে পরিণত হতে যাচ্ছে।
এদিকে নির্দেশনায় ডিমান্ড নোট ইস্যু ও টাকা জমাকৃত গ্রাহকদের আবেদনও বাতিল করা হবে। সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে নেয়া অর্থও ফেরত দেবে।
গ্যাস ও খনিজ সম্পদ খাতের নেতৃত্ব প্রদানকারী সংস্থা পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, বৈধ-অবৈধ নানা উপায়ে প্রাকৃতিক গ্যাস সংযোগ পাওয়ার জন্য গ্রাহক সংখ্যা প্রায় আট লাখ হবে। ডিমান্ড নোট ইস্যু এবং টাকা জমা দেয়া গ্রাহকদের প্রায় সবাই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। বিতরণ কোম্পানিগুলোর স্থানীয় কর্মকর্তা ও ঠিকাদারেরা মিলে এই বাসাবাড়িগুলোতে অবৈধভাবে গ্যাসের সংযোগ দিয়েছেন এবং প্রতি মাসে মাসিক বিলও আদায় করছেন। অদক্ষ ব্যবস্থাপনায় এই গ্যাস চুরির কারণে জাতীয় সম্পদ অপচয় হচ্ছে। এমনকি বিভিন্ন সময়ে গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
দেশে সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। গৃহস্থালিতে আর গ্যাস দেয়া হবে না। যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, তাদের নাম আমাদের তথ্য ভান্ডারে রয়েছে।
তিনি আরও বলেন, রোববার এ বিষয়ে একটি সভা করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করব। বিজ্ঞপ্তি প্রকাশ বা অন্য কোনও উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।
দেশে গ্যাস বিতরণে নিয়োজিত অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ও সুন্দরবন গ্যাস কোম্পানি। এই সংস্থাগুলোর কর্মকর্তারাও জানিয়েছেন, আগামী রোববার বা সোমবার সভা করে তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা ঠিক করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান জানান, গ্যাসের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। আবাসিকে নতুন সংযোগ দেয়ার পরিস্থিতি-সক্ষমতা এখন নেই। তাই গ্রাহকদের আশায় ঝুলিয়ে না রেখে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.