মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৪ , ১০:০১ এএম

মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ছবি । সিটিজেন নিউজ

খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা মারা গেছেন। মান্নান হীরার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বাংলাদেশের পথ নাটকের অন্যতম পুরোধা নাট্যজন মান্নান হীরা।

বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, পথ নাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মান্নান হীরা  ‘একাত্তরের ক্ষুদিরাম’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্যে ছবি পরিচালনা করেন।

তার লেখা উল্লেখযোগ্য নাটক হলো  ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।