সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরণ করল সিএমপি

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ১১:৪৯ এএম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরণ করল সিএমপি ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামে ৬০ সুবিধাবঞ্চিত শিশুকে সুপার শপে কেনাকাটার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। ‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে’ নামে এমন মানবিক উদ্যোগ নেয়া হয় সিএমপি পুলিশের পক্ষ থেকে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় গোলপাহাড় মোড়স্থ ‘স্বপ্ন’ সুপারশপে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। 

এসময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য  হলো অবহেলিত শিশুর সাথে আমরা আছি,  তারা যেন সমাজ থেকে বিচ্যুত না হয়, তারা যেন দারিদ্র্যের কষাঘাতের কারণে অপরাধে জড়িয়ে না পড়ে।  মাদক ও জঙ্গিবাদের সাথে জড়িয়ে না পড়ে। সুন্দর আগামীর ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। এটি আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়াস। আমরা চট্টগ্রামবাসীকে আহ্বান করছি এই আয়োজনে উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তবানরা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়ান।’

স্বপ্ন সুপার শপের ডিরেক্টর শামসুদ্দোহা শিমুল বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য দেশের সকল সমাজের সাথে এইসব সুবিধাবঞ্চিত  শিশুরাও এগিয়ে যাবে। ‘স্বপ্ন’ তাদের ভবিষ্যত লক্ষ্য পূরণে সবসময় পাশে থাকবে।  অতীতেও ঢাকা ও চট্টগ্রামে আমরা সমাজের সুবিধা বঞ্চিত ও স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করেছে ‘স্বপ্ন’ সুপার শপ।  

সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে কাজ করছি। আজকের এ উদ্যোগটি উত্তর বিভাগের ৪৩ পুলিশ কর্মকর্তাদের নিজ বেতনের অর্থ সহায়তা থেকে করা হয়েছে। সুবিধা বঞ্চিত শিশুরা সমাজের বাইরে নয়। তারা যেন বুঝতে পারে পুলিশ তাদের পাশে আছে। তারা বড় হয়ে সুন্দর ও সুস্থ মানুষ হয়ে সমাজে বাস করবে, এটাই আজকের আয়োজনের মূল লক্ষ্য ও প্রত্যাশা আমাদের।’

আয়োজনের বিশেষ অতিথি  ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার  আমেনা বেগম,  সিএমপি (উত্তর বিভাগের) এডিসি নাদিরা নুর এবং সিএমপি পুলিশের বিভিন্ন  থানার পুলিশ কর্মকর্তারা।  

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুপার শপ স্বপ্ন, বারকোড রেস্টুরেন্ট এবং সেবাধর্মী প্রতিষ্ঠান ‘যাত্রী ছাউনী।'