`জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল’

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ১০:৫৬ এএম

`জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল’ ছবি: সিটিজেন নিউজ

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু-নীলদলের আয়োজিত ‘মুজিব জন্মশতবর্ষে বিজয় দিবস: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক ভার্চুয়্যেল আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল। ২০০৮/০৯ সালের দিকে দেশ বিরোধীরা জঙ্গি হামলা, বিদেশিদের হত্যা, পুরোহিত, ইমামদের উপর হামলা করে এ দেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার মতো রাষ্ট করতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেধা দিয়ে এসব দমন করে বিশ্বের দরবারে এক ইতিহাস সৃষ্টি করেছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক সেই স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমাদের জাতির পিতা দেশ স্বাধীনের পরে সাড়ে তিনবছর সময় পেয়েছিলেন এই অল্প সময়ের মধ্যে তিনি এই দেশটাকে স্বপ্নের সেনার বাংলা হিসেবে বাস্তবায়নের জন্য যেখানেই গিয়েছেন সেখানে দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলেছেন।

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সাংসদ আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।