সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০৯:২৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
দেশে বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করার পর গত দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারও নতুন করে কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার আজ কমে গেছে। আগামী দুদিনে আরও কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবারও দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা করছি।
আবহাওয়া অধিদফতর জানায়, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া ও রাজারহাট অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ১, যা গতকাল ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল ঢাকায় ছিল ১৪, আজ ২ ডিগ্রি কমে ১২ দশমিক ৮, ময়মনসিংহে ছিল ১০ দশমিক ৭, আজ ১০ দশমিক ৪, চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ১, আজ কিছুটা বেড়ে ১৩ দশমিক ৮, সিলেটে ছিল ১১ দশমিক ৮, আজ ১৪ দশমিক ৭, রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, আজ ১২, রংপুরে ছিল ১২ দশমিক ৪, আজ ১১ দশমিক ৭, খুলনায় ছিল ১১ দশমিক ৪, আজ ১২ দশমিক ২ এবং বরিশালে ছিল ১০ দশমিক ৫, আজ ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.