দাম কমেছে শাক-সবজির, চড়া কাঁচা মরিচ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ১০:০৫ এএম

দাম কমেছে শাক-সবজির, চড়া কাঁচা মরিচ ছবি । সিটিজেন নিউজ

খুলনার বাজারে শীতকালীন শাক-সবজির দাম কমলেও হঠাৎ করে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। সবজির সরবরাহ এত বেশি যে এক মাস আগের এক কেজি ফুলকপির দামে এখন কয়েক কেজি তরকারি কিনতে পারছেন ক্রেতারা।

এদিকে দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দাম ক্রেতা সাধারণের অনেকটা নাগালে চলে এসেছে। নতুন আলুর দাম রয়েছে স্থীতিশীল। তবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতা সংকট রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খুলনা মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বাজারে এখন ফুল কপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। শীতকালের এই সবজিটি শুরুতে সবার আগ্রহের কেন্দ্রে অবস্থান করলেও এখন তা আগ্রহ হারিয়েছে। শুরুতে এর দাম ছিল ১২০ টাকা কেজি। এখন ১৫ টাকাতেও কেউ কিনতে চাচ্ছেন না।

এছাড়া বিটকপি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৩টাকায়, শিম ৩০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, লাউ পিস হিসেবে ৩০ থেকে ৩৫ টাকা, মূলা ১৫ টাকা, কুশি ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, বেগুন ২০ টাকা, কাঁচা টমেটো ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা ও কচুর মুখি ৪০ টাকা।

ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগেও এসব নিত্যপণ্যের দাম ছিল বর্তমানের দ্বিগুণেরও বেশি। সেসময় শীতকালীন সবজির সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় দাম এত বেশি ছিল। কিন্তু এখন চাহিদা আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে সবজির দাম এখন পানির দামের চেয়েও কমে গেছে।

এদিকে, বাজারে হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়েছে। ৮০ টাকা কেজির মরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কিন্তু দাম বৃদ্ধির সঠিক কোনও কারণ জানাতে পারেননি তারা।