উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৯ , ০১:৫৩ পিএম

উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত ছবি । সিটিজেন নিউজ

দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসছে। তেঁতুলিয়াসহ এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসায় চলতি মৌসুমের প্রথম দফা মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চল ছাড়িয়ে পশ্চিমাঞ্চলেও শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষ পড়েছেন দুর্ভোগে। আর বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

আবহাওয়া অধিদফতর জানায়, মৃদু শৈত্যপ্রবাহ সপ্তাহ খানেক থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর ও রাজশাহী অঞ্চলের অধিকাংশ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কুয়াশার প্রভাব কমে আসায় হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তর জনপদের এ অঞ্চলে বইতে শুরু করেছেন উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের হিমশীতল বাতাস। একই সঙ্গে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ।