বিজয়ের আনন্দে মুখরিত চট্টগ্রাম

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ০৫:৪৮ পিএম

বিজয়ের আনন্দে মুখরিত চট্টগ্রাম ছবি । সিটিজেন নিউজ

গৌরবের পঞ্চাশের পথে লাল সবুজের বাংলাদেশ। তাই বিজয়ের ৪৯তম বার্ষিকীতে করোনা মহামারীর মধ্যেও; নানা আয়োজনে স্বর্ণোজ্জল দিনটি পালিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। শ্রদ্ধা-ভালোবাসায় বিজয়ের অগ্রসেনানীদের স্মরণের পাশাপাশি শপথ ছিল বিশ্বের বুকে মাথা উঁচু করা বাংলাদেশ বিনির্মাণ, সেইসাথে জাতির জনকের সম্মান রক্ষার।

মুখে বিজয়ের পঙক্তিমালা, হাতে শ্রদ্ধার্ঘ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এই আয়োজন চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে। রাষ্ট্রীয় সালাম আর বিউগলের সুরে নগরীতে আনুষ্ঠানিকতা শুরুর পর ফুল হাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। তারপরও, শ্রদ্ধা জানাতে আসেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা।  শপথ নেন বিজয়ের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালানোর।

বুকের তাজা রক্তে কেনা স্বাধীন দেশে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরে ক্ষোভ জানান শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধারা। শপথ নেন মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

দিনটিতে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামীলীগ। তাতে দলের নেতারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ না করার অঙ্গীকার করেন। দলীয় কার্যালয়ে সমাবেশ করে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন। এতে নেতারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ডাক দেন। 

এর বাইরে সিআরবি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কর্মসূচী পালন করে মানবিক ফাউন্ডেশন। আর শিরীষতলায় শোভাযাত্রা করে বিডি ক্লিন নামে একটি সংগঠন। এছাড়াও নগরী ও জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচীতে পালিত হচ্ছে বিজয়ের ৪৯তম বর্ষপূর্তি।