সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ১২:৫৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই এবারের বিজয় দিবসের অঙ্গীকার। আমাদের আজকের শপথ হলো শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষ আমরা সমূলে উৎপাটন করব।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় হেফাজতসহ ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কি চেয়েছিল, তা জানতে। তাদের (ধর্মীয় সংগঠন) সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই, তারা কী চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ- এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা নাহলে বৈঠক কেন?
সেতুমন্ত্রী বলেন, আমরা বিজয় দিবস উদযাপন করছি, কিন্তু এখনও বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ ও সাম্প্রদায়িক শক্তি। এবারের বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব।
তিনি বলেন, এক দিকে ১৯৪৭ এর চেতনা, অন্য দিকে ’৭১ এর চেতনা, একদিকে সাম্প্রদায়িকতা, আরেক দিকে অসাম্প্রদায়িকতা, আজ আমাদের এ দু’টি ধারা চলছে। আমাদের আজকের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষ আমরা সমূলে উৎপাটন করব। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারের বিজয় দিবসের শপথ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.