চট্টগ্রামে আরও ২৮৫ জন করোনা আক্রান্ত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৫ , ১০:৫৩ এএম

চট্টগ্রামে আরও ২৮৫ জন করোনা আক্রান্ত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮৫ জন; নতুন শনাক্তদের মধ্যে ২৫২ জন নগরের ও ৩৩ জন উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ১১২ জনের মধ্যে ২১ হাজার ৫২৪ জন নগরের ও ৬ হাজার ৫৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৫ জন; এর মধ্যে ২৩৯ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের ও সিভাসুতে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, শেভরণে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।