‘১৬ টাকার ডিএপি সার কিনতে হচ্ছে ২৬ টাকায়’

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৩ , ১১:১৯ এএম

‘১৬ টাকার ডিএপি সার কিনতে হচ্ছে ২৬ টাকায়’ ছবি । সিটিজেন নিউজ

ফরিদপুরে ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের দাম বেশি নিচ্ছেন দোকানীরা। হঠাৎ করে সারের দাম বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। ব্যবসায়ীরা জানালেন, ডিলারদের কাছ থেকেই বেশি দামে সার আনছেন তারা। 

বৈচিত্র্যময় ফসল উৎপাদন হয় ফরিদপুরে। ধান, গম, পেঁয়াজ, রসুন, কালোজিরাসহ অন্তত ২৫ ধরণের ফসল চাষ হয় এই জেলায়। রবি মৌসুমের শুরুতেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 

হঠাৎ করে সারের দাম বেড়ে যাওয়ায় চাষাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চাষীরা জানিয়েছেন, প্রতি কেজি সারের সরকার নির্ধারিত দাম ১৬ টাকা হলেও কিনতে হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। 

সার ব্যবসায়ীরা জানান, ডিলাররা দাম বেশি রাখায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন তারা। 

এদিকে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হযরত আলী বলেন, সারের দাম বাড়তি নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

পেঁয়াজ, গম ও বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ শুরু হওয়ায় সারের চাহিদা বেড়েছে বলেও জানান তিনি।