নগরে হাম-রুবেলার টিকা পাবে সাড়ে ৭ লাখ শিশু

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১০ , ০৩:০৫ পিএম

নগরে হাম-রুবেলার টিকা পাবে সাড়ে ৭ লাখ শিশু ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নগরের ৪১ ওয়ার্ডের ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১ হাজার ২৬ জন এবং ৫ বছর থেকে ১০ বছরের ৪ লাখ ৫১ হাজার ৫৩৮ শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট বয়সের কোনও শিশু আগে হাম-রুবেলা টিকা পেলেও ক্যাম্পেইন চলাকালে ১ ডোজ টিকা অতিরিক্ত হিসেবে নিতে হবে। টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে হবে, কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক রাখতে হবে।

ক্যাম্পেইন চলাকালে চসিক জেনারেল হাসপাতালে নিয়ন্ত্রণ কক্ষ (নম্বর ০৩১-৬৩৪৫৮৪, ০৩১-৬১৬৫৫৫) খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. সানোয়ার আলম, ডা. আশরাফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।