সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৯ , ০৩:৩৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ডিজিটাল বাংলাদেশের ‘সফল বাস্তবায়নের’ ফলেই করোনাভাইরাস মহামারি দেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দিতে পারেনি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (৯ ডিসেম্বর) দেশে তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-এর সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি পারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভিডিও বার্তার মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
আবদুল হামিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার ২০০৮ সালে যে ‘দূরদর্শী অঙ্গীকার’ করেছিল, তার সুফল আজ মানুষ ঘরে বসে পাচ্ছে। করোনা মহামারি আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারেনি। এর কারণ ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন।
রাষ্ট্রপতি বলেন, মহামারির মধ্যেও ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে কেনা-বেচা করা, অনলাইন শিক্ষা কার্যক্রম, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারিক কার্যক্রম, টেলি মেডিসিন সেবাসহ বিভিন্ন অনলাইন সেবা এ কঠিন সময়ে জীবনযাত্রাকে ‘অনেকটাই সহজ’ করে দিয়েছে।
অফিস-আদালতে চালু করা ই-নথি ব্যবস্থা সরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমে গতিশীলতা বাড়িয়েছে, তাতে সরকারি সেবা কার্যক্রম চালু রাখা এবং নাগরিকের কাছে সেবা পৌঁছানোও সহজ হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, করোনা ট্রেসার বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। এছাড়া গুজব ও অসত্য তথ্য রোধে দেশব্যাপী ‘সত্যমিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি।
‘সোশালি ডিসটেন্সড, ডিজিটালি কানেকটেড’ -এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডে বৃহস্পতিবার বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।
এছাড়া সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা ও ভার্চুয়াল কনসার্টেরও আয়োজন রয়েছে এবার।
এবারের প্রদর্শনীতে ই-গভর্নেন্স, সফটওয়্যার ও মোবাইল উদ্ভাবন, মেইড ইন বাংলাদেশ, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ই-কমার্স, স্টার্টআপ বিষয়ক বিভিন্ন চিন্তা ও অর্জনগুলো গুরুত্ব পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ফ্রিল্যান্সিং খাতে নারীরা যাতে এগিয়ে যেতে পারে, সে ব্যাপারে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.