সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ১০:৪২ এএম
ছবি । সিটিজেন নিউজ
বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব পাওয়া ক্যাপটেন আকরাম আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
নিউমোনিয়ায় ফুসফুসের সংক্রমণ নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর সোমবার ‘হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানোর পর তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
স্বাধীনতাযুদ্ধে শত্রুসেনা নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষতিসাধনে যে ৯ জন পাইলট ব্যাপক অবদান রেখেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম আকরাম আহমেদ। যুদ্ধ শেষে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ককপিট পাইলট হিসেবে যোগ দেন তিনি। এরপর ট্রেনিং ক্যাপ্টেন, চিফ অব ট্রেনিং ছিলেন। বিমানবাহিনী থেকে অবসর নেওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরামর্শক হিসেবে দায়িত্বও পালন করেন তিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র কনসালট্যান্ট, মহান মুক্তিযুদ্ধকালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর ‘কিলো ফ্লাইটের’ সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন আকরাম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.