সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০৪:৩১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ক্ষমার অযোগ্য ও সংবিধান বিরোধী কাজ। যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক, কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না। রোববার (৬ ডিসেম্বর) ‘নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে মন্তব্য করে কাদের বলেন, ‘এই দেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের অবমাননা মানে দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা। জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ বিষয়। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা।’
দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের হৃদয়ের আবেগ অনুধাবন করি।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না।’ উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক হয়েছে, এবার থামুন।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু মানে এ দেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অর্ধ-শতকের স্মৃতি মধুদার ভাস্কর্যের আংশিক ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না। এখনও দলের কর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি, আবারও বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না।’
‘মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোনো নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া হবে না,’ যোগ করেন ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পবিত্র সংবিধান ও দেশের আইন পরিপন্থি কোনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, মন্তব্য ও আচরণ বরদাশত করা হবে না।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.