সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০২ , ০৪:৩০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিএনপি ‘সুবিধাবাদ জিন্দাবাদে’ বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনও কৃতজ্ঞতা বোধ নেই। তাদের আন্দোলনের ডাক এখন আষাঢ়ের তর্জন-গর্জনেই সার।
বুধবার (২ ডিসেম্বর) সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধনকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে। অথচ নিজেদের ব্যর্থতা স্বীকার না করে উল্টো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ‘মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে।’
বিএনপি মহাসচিবের এমন অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করেছে, তা জাতি তা জানতে চায়? তিনি বলেন, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, সরকারের কোন ভালো কাজে বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে। তারা আসলে দেশের দুঃসময়ে জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো। বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে। এজন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে। আর জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে- মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।
তিনি জানান, শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দু'বার সাজা স্থগিত করেছে। তারা এমন একটা দল যাদের নূন্যতম কৃতজ্ঞতা বোধ নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ। নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটির গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরী। এসময়, মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়ক পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।
পরে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এয়ারপোর্ট রোডসহ রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার উপর জোর দেন। তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.