সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ১২:৩২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টানা তিন দিন ধরে নিচু মেঘে ঢেকে থাকার পর অবশেষে রোদ হাসল। ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকার বিষণ্ন আকাশ ঝকঝকে পরিষ্কার হলো। সঙ্গে সকাল সকাল শীতের হিম হিম বাতাসও বাড়ল। কিন্তু প্রকৃতিতে শীত শুরুর এই সৌন্দর্যে ভাটা পড়ার আশঙ্কাও এরই মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ দানা বেঁধেছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, এটি আজ রোববারের (২২ নভেম্বর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি দ্রুত শক্তি অর্জন করলে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী লঘুচাপটি আজ রোববারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি বুধবারের মধ্যে গভীর নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে আঘাত করতে পারে। ফলে এর বর্ধিতাংশের প্রভাবে বাংলাদেশে বুধবার থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে। ওই বৃষ্টি দু–এক দিন চলতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বঙ্গোপসাগর স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে আছে। তাই সেখানে ঘন ঘন লঘুচাপ তৈরি হচ্ছে। নতুন তৈরি হওয়া লঘুচাপটি দ্রুত শক্তি অর্জন করছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী বুধবারের মধ্যে ভারতের দক্ষিণ উপকূলে ভূমিতে উঠতে পারে। এর প্রভাবে বাংলাদেশে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে ১৩ মিলিমিটার। আর রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরাবরের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের অন্যত্র সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.