সুপ্রিমকোর্টে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৭ , ১১:০৯ পিএম

সুপ্রিমকোর্টে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক ছবি: সিটিজেন নিউজ

সুপ্রিমকোর্টে মামলার শুনানিকালে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন। ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন’।

কিন্তু আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে একটি মামলায় শুনানিকালে একজন আইনজীবী কালো কোট ছাড়াই শুনানিতে অংশ নেন। এ সময় প্রধান বিচারপতির নজরে আসে বিষয়টি।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এই বিজ্ঞপ্তি সকল আইনজীবীর নজরে আসেনি। এ কারণে হয়তো তিনি (ওই আইনজীবী) কালো কোট পরেননি।

এ সময় প্রধান বিচাপরতি বলেন, বুধবারথেকে কালো কোট পরতেই হবে। এরপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বুধবার থেকে কালো কোট পরা বাধ্যতামূলক উল্লেখ করে নুতন করে বিজ্ঞপ্তি জারি করা হয়।