কমছে তিন সিটির কোম্পানি পর্যায়ে সম্পত্তি হস্তান্তর কর

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ০২:১১ পিএম

কমছে তিন সিটির কোম্পানি পর্যায়ে সম্পত্তি হস্তান্তর কর ছবি । সিটিজেন নিউজ

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোম্পানি থেকে কোম্পানি পর্যায়ে স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ লক্ষ্যে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে তফসিল সংশোধন করে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে হস্তান্তর কর আরোপ করা যাবে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধিক্ষেত্রে কোম্পানি থেকে কোম্পানি পর্যায়ে স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের ১ শতাংশ হারে সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে।

তবে এর আগে কর তফসিলে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।