সিটিজেন নিউজে সংবাদ প্রকাশের পর

চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা দিদারকে বহিষ্কার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১০ , ১২:৪৯ পিএম

চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা দিদারকে বহিষ্কার

সিটিজেন নিউজে সংবাদ প্রকাশের পর হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত মো. দিদারুল আলম চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ফাউন্ডেশনের সহকারী মহাপরিচালক মহিম মিজানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে দিদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক পদটি বিশেষ কারণবশত: সংশোধন করা হয়েছে। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্য সকল পদ-পদবী অপরিবর্তিত থাকবে।

এরআগে সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক পদে দিদারুল দায়িত্ব পালন করবে- উল্লেখ করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনর সভাপতি, বিচারপতি মো. আবদুস সালাম এবং মহাসচিব, মাওলানা মো. আবেদ আলীর এক স্বাক্ষরে বলা হয়েছে।

গত সোমবার (৯ নভেম্বর), সিটিজেন নিউজে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলায় অভিযুক্ত দিদার এখন মানবাধিকার নেতা শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে তারা তড়িৎগতীতে বিষয়টি তদন্ত করে দিদারকে মানবাধিকার ফাউন্ডেশন থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মো. আবেদ আলী সিটিজেন নিউজকে বলেন, মো. দিদারুল আলম চৌধুরী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখে না। সংবাদ প্রকাশের আমরা ইতিমধ্যে দ্রুততার সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, দিদারের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আমরা শুধু একটা কারণ পাইনি; অনেকগুলো কারণ পেয়েছি। আমরা দিদারের বিরুদ্ধে আরও তদন্ত করবো। তথ্য গোপন করার দায়ে দিদারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এক প্রশ্নের জবাবে মাওলানা মো. আবেদ আলী বলেন, দিদারকে মনোনীত করার জন্য চট্টগ্রাম থেকে যারা প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে এমন কোনও ব্যক্তি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে আসতে না পারে সেজন্য আমরা আরও সতর্ক থাকবো।

আরও পড়ুন:  হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলায় অভিযুক্ত দিদার এখন মানবাধিকার নেতা