ভাটিয়ারীতে কোটি টাকার ইয়াবাসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৯ , ০৯:০৫ পিএম

ভাটিয়ারীতে কোটি টাকার ইয়াবাসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ সুমন বড়ুয়া (৩২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (৮ নভেম্বর) রাতে সীতাকুন্ডের উত্তর সলিমপুরস্থ সী সাইড ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৭।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও (হবিগঞ্জ ঢ-১১-০১১৪) জব্দ করা হয়ছে।

আটককৃত সুমন বড়ুয়া  নোয়াখালীর সেনবাগের মতৈন বড়ুয়া পাড়ার বেনু বাড়ির মৃত বেনু মাধ বড়ুয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (৯ নভেম্বর) র‌্যাব-এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন সীতাকুন্ডের উত্তর সলিমপুরস্থ সী সাইড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ সুমন বড়ুয়াকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সুমন বড়ুয়া দীর্ঘ দিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে বিভিন্ন কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক দাম প্রায় এক কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত মিনি ট্রাকের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক সুমন বড়ুয়াকে সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর বলে জানান তিনি।