ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গারা

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-০৯ , ০৯:৫৫ এএম

ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গারা

নিজেদের আধিপত্য ধরে রাখতে ইয়াবার বিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে বিদেশি পিস্তলসহ চট্টগ্রাম ও কুতুপালং ক্যাম্প থেকে দুইজনকে আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য।

প্রায় ১১ লাখ রোহিঙ্গার ৩৪টি শরণার্থী ক্যাম্প নিয়ন্ত্রণ করছে ৩২টি সন্ত্রাসী গ্রুপ ও উপ-গ্রুপ। ক্যাম্পগুলোতে ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহ করা রোহিঙ্গা নেতাদের বলা হয় মাস্টার। পুলিশ বলছে, ক্যাম্পে এমন মাস্টারের সংখ্যা কয়েকশ'।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে পিস্তলসহ আটক করা হয় টেকনাফের আব্দুর রাজ্জাককে। ঢাকা থেকে ইয়াবার বিনিময়ে পিস্তলটি কুতুপালং ক্যাম্পের মাস্টার কামালের কাছে পৌঁছে দেয়ার কথা ছিলো তার।

সিএমপি'র উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, "এখন ঢাকা থেকে অস্ত্র আনছেন তারা এবং বিনিময়ে তারা ইয়াবা পাঠাচ্ছেন ঢাকায়। ওখানে পৌঁছে দেয়ার কথা একজন নেতার কাছে, তাকে আমরা আটক করি।" 

এদিকে রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীদের সন্ধানে ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। বিশেষ গত মাসে সংঘাতে ৬ জন নিহত হওয়ার ঘটনায় আটককৃত রোহিঙ্গাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নেয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বলেন,
অপরাধমূলক কাজ করার জন্যই তারা অস্ত্রগুলো বহন করছিল। কি ধরণের অপরাধ করার জন্য তারা এটা বহন করছে, সেটা আমরা যাচাই করে বের করব।

পুলিশের তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার চালান প্রথমে নিয়ে আসা হয় চট্টগ্রামে। এরপর আরেক এজেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ঢাকায়।

ইয়াবা ও অস্ত্র ব্যবসা, মানবপাচার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। গত এক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৪৬ রোহিঙ্গা সন্ত্রাসী। রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০ মামলায় আসামি ৫০০; ২০১৯ সালে ২৬৩ মামলায় আসামি ৬৪৯; ২০১৮ সালে ২০৮ মামলায় আসামি ৪১৪; ২০১৭ সালে মামলা হয়েছে ৭৬টি।