জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৮ , ০৯:২৯ এএম

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ ছবি: সিটিজেন নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রোববার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। চলতি একাদশ সংসদের দশম এ অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এটি বিশেষ অধিবেশন হলেও প্রথম কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মত। আগের তিনটি অধিবেশনের মতো এবারও সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে।

বিশেষ অধিবেশনকে সামনে রেখে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। কোভিড-১৯ পরীক্ষার জন্য শুক্রবার সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ অধিবেশনের প্রথম দিন কোভিড-১৯ নেগেটিভ সকল সংসদ সদস্যই বৈঠকে যোগ দেয়ার সুযোগ পাবেন। এরপর সংসদ সদস্যরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন।

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। রাষ্ট্রপতির বক্তৃতার আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। রাষ্ট্রপতিে ভাষণের পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনের কর্মসূচিতে প্রথমে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব প্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর ও ৭১ বিধির জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি হবে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২০ উপস্থাপন হবে। এছাড়া এদিন তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন ও দুটি বিল উত্থাপন করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড- ২০২০ এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০ উত্থাপন হবে। ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। ওইদিন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের আলোচনা শেষে তা পাস হবে।

এদিকে, আসন্ন বিশেষ অধিবেশনে সংসদ কক্ষে দেশীয় বিভিন্ন অতিথিকে আমন্ত্রণ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিভিন্ন জনের কাছে পাঠানো কার্ডে তিনি বলেছেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিজনিত কারণে বিশেষ অধিবেশন সশরীরে প্রত্যক্ষ করার জন্য সংসদ ভবনে আপনাকে আমন্ত্রণ জানাতে অপরাগ হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে অধিবেশন দেখার আহ্বান জানান স্পিকার।