চাঁদপুরে সিএনজি-মোটসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০২ , ১০:৫৬ পিএম

চাঁদপুরে সিএনজি-মোটসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি: সিটিজেন নিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ফরিদগঞ্জে-চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিঅ্যান্ডটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপসা ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের জাহিদ (১৬), ফরিদগঞ্জ পৌর এলাকার কাচিয়াড়া গ্রামের রায়হান (১৭) ও ১০ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের আল আমিন (১৬)। তারা তিন জনই ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসকর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে খাবারের শেষে ইন্টারনেট সার্ভিসের কাজে জাহেদসহ তিন জন মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে আনার পর রায়হান মারা যান। ঢাকায় নেয়ার পথে আল-আমিনের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর একজন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। মোটরসাইকেল এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।