হাসপাতাল ছাড়লেন রিজভী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৮ , ০৫:২৫ পিএম

হাসপাতাল ছাড়লেন রিজভী ছবি: সিটিজেন নিউজ

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রিলিজ পান তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রোগ্রাম শেষে অসুস্থতা বোধ করলে প্রথমে তাকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।