সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৬ , ০৫:০৫ পিএম
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমানের এ রায় ঘোষণা করবেন।
দেশের কিশোর অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত রিফাতের পরিবারসহ বরগুনার সচেতন মহল। অপরদিকে আসামিপক্ষের প্রত্যাশা- ন্যায় বিচার পাবেন তারা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন তিনি। বাকি চারজনকে বেকসুর খালাস দেন।
সংশ্লিষ্ট আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র ৬৩ কার্যদিবসে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালত এ মামলার রায়ের দিন ধার্য করেন। মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৭ আসামি।
এ রায়কে ঘিরে নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক যে রায় দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এবারের রায়েও প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং নির্দোষ যারা রয়েছে তারা খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি।
এ বিষয়ে বরগুনার নারী ও শিশু আদালতের পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এ মামলায় মোট ৭৫ জন সাক্ষীর মধ্যে ৭৪ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যে সাক্ষ্যপ্রমাণ আমরা আদালতে উপস্থাপন করেছি তাতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
১৪ কিশোর আসামির মধ্যে একজন আসামির আইনজীবী মোসা. নারগিস পারভীন সুরমা বলেন, আমার মক্কেলকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এছাড়া এ হত্যাকাণ্ডে কোথাও তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই আমার মক্কেল বেকসুর খালস পাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.