দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে গুলি করে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৬ , ০৩:৩৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে গুলি করে হত্যা ছবি: সিটিজেন নিউজ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাহিদুল ইসলাম আরিফ (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ‘পুমালাঙ্গা’ প্রভিন্সের ‘এরমেলো’ অঞ্চলে রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কর্মস্থলে খুন হন আরিফ ।

নিহত আরিফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বড় ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের দুলাভাই মার্ক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন’র (বিএনএএফ) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ মো. কামাল উদ্দীন চৌধুরী সিটিজেন নিউজকে জানান, লকডাউনের পুর্বে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন আরিফ। সেখানে তিনি মো. জসিম নামে এক বাংলাদেশীর দোকানে কাজ করতেন। এক পর্যায়ে দোকান মালিক নতুন একটি শাখা খুললে আরিফকে ওই শাখায় নিয়োজিত করেন।

তিনি আরও বলেন, নতুন দোকানে একমাস কাজ করার পর গতকাল রবিবার ২জন ডাকাত তার দোকানে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে। এসময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ডাকাত দল আরিফকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় সুষ্ঠু বিচার ও মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।