`নৌ কর্মকর্তাকে মারধরে জড়িত কেউই পার পাবে না’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৬ , ০১:৪৪ পিএম

`নৌ কর্মকর্তাকে মারধরে জড়িত কেউই পার পাবে না’ ছবি: সিটিজেন নিউজ

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের সাথে জড়িতদের গ্রেফতার কাজ চলমান রয়েছে, সমাজের যে শ্রেণির মানুষ হোক, অপরাধ করলে পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজ বাসায় সাংবাদিকদের সাতে আলাপকালে একথা বলেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর ধানমন্ডি কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনী অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে।

মামলার এজাহারে এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।