ইপিজেড থেকে চসিক সড়ক উন্নয়নে সার্ভিস চার্জ দাবি

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৪ , ০৯:৫৫ এএম

ইপিজেড থেকে চসিক সড়ক উন্নয়নে সার্ভিস চার্জ দাবি ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল(বেপজা) জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চট্টগ্রাম জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। চট্টগ্রাম নগরীতে বড় দু’টি  ইপিজেডে অনেক লোক কাজ করছে।

প্রশাসক বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ(বেপজা) চেয়ারম্যানের সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে একথা বলেন।

তিনি বলেন, ইপিজেড দু’টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক অবকাঠামো ব্যবহার করে তাদের নিত্য ব্যবসা বাণিজ্য পরিচলনা করে যাচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে নূন্যতম একটি সাভিস চার্জ পেতে পারে। এই সার্ভিস চার্জ দিয়ে নগরীর সড়ক অবকাঠামোগুলো সংস্কার ও উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, এই সড়কগুলো অচিরেই একটি রিজিওনাল  হাইওয়েতে পরিণত হবে। দার জন্য যানবাহন ভাল মানের রাস্তা ও অবকাঠামো প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একার পক্ষে সে রাস্তাঘাট মেরামত সম্ভব নয়। এই ব্যয় নির্বাহে বেপজার অংশীদারিত্ব চট্টগ্রাম নগরবাসী তো বটেই তার সুফল ভোগ করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলও। বেপজা সরকারের কাছ থেকে অনেক ক্ষেত্রে কর অবকাশ সুবিধা পেয়ে থাকে। সিটি কর্পোরেশন তাদের শিল্পের গার্ভেজগুলোসহ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অনেক সেবা দিয়ে যাচ্ছে। সেই বিবেচনায় নূন্যতম একটি সার্ভিস চার্জ সিটি কর্পোরেশন পেতে পারে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল(বেপজা) চেয়ারম্যান মেজর জেনালের এস.এম সালাউদ্দীন ইসলাম, প্রশাসকের বক্তব্যে সাড়া দিয়ে বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার ক্ষেত্রে অল্প সময়ে ভালো ভূমিকা রেখেছেন, যা প্রশসার দাবী রাখে। সার্ভিস চার্জের বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বস্থ করেন।

তিনি ইপিজেড এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, ইপিজেড এর জেনারেল ম্যানেজার মিসবাহ উদ্দিন, বেপজা চেয়ারম্যানের একান্ত সচিব আলী ইশতিয়াক এ সময় উপস্থিত ছিলেন ।