‘দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১১ , ০২:৩৩ পিএম

‘দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য’ ছবি: সিটিজেন নিউজ

দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশে খাদ্যের সংকট নেই। উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ‌্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

‘সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে’ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।’

‘করোনায় শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি।’

অনুষ্ঠানে করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।