ছয় জাহাজসহ ৬০ চীনা নাবিক আটক

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-১০ , ০৭:৪১ পিএম

ছয় জাহাজসহ ৬০ চীনা নাবিক আটক ছবি: সিটিজেন নিউজ

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় জাহাজসহ ৬০ চীনা নাবিককে আটক করেছে মালয়েশিয়া। শনিবার (১০ অক্টোবর) মালেশিয়ার নৌকর্তৃপক্ষ জানিয়েছে, চীনা জাহাজগুলি মালেশিয়ার জলরাশিতে অনুপ্রবেশ করায় আটক করা হয়েছে। খবর-রয়টার্সের।

দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। সম্প্রতি এ অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে।

মালয়েশিয়া বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের নৌবাহিনী এবং জাহাজ৮৯ বার মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছে।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) বলছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জহুরের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে চীনের মাছ ধরার জাহাজ ও নাবিকদের আটক করা হয়েছে।

এদিকে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীনের সামরিক বাহিনী।

শুক্রবার (৯ অক্টোবর) চীনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র উইচ্যাট পেইজে এক পোস্টে বলেছেন, সম্প্রতি আমেরিকার একটি যুদ্ধজাহাজ বেইজিংয়ের অনুমতি ছাড়াই দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছে। এটি আমেরিকার পক্ষ থেকে উসকানিমূলক তৎপরতা এবং এই ধরনের তৎপরতা বন্ধ করা জরুরি।

তিনি বলেন, আমরা আমেরিকার এই ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধের দাবি জানাই এবং সাগর ও আকাশে সামরিক অভিযানের ক্ষেত্রে আমেরিকাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং সীমাবদ্ধতা আনতে হবে।