ধর্ষণের বিচার চেয়ে অনশনে থাকা ঢাবি ছাত্রী অসুস্থ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১০ , ০৪:২৫ পিএম

ধর্ষণের বিচার চেয়ে অনশনে থাকা ঢাবি ছাত্রী অসুস্থ ছবি: সিটিজেন নিউজ

সাধারণ ছাত্র অধিকার পরিষদের বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণ ও তাকে সহায়তাকারী হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অনশনে অসুস্থ হয়ে পড়েছেন।

তার অনশন আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় শুক্রবার রাত থেকেই তার প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী বলেন, ডা. শেখ মো. আল আমিনের নেতৃত্বে একটি চিকিৎসক টিম রাতে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়। আমরা তাকে খাবার গ্রহণের জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু তিনি আসামিদের না ধরা পর্যন্ত আমরণ অনশনে করতে সংকল্পবদ্ধ। পরে চিকিৎসক টিম এসে তাকে স্যালাইন দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল টিম ওই ছাত্রীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। রাতে আমাদের সহকারি প্রক্টর তাকে দেখে এসেছেন। ওই শিক্ষার্থীর পাশে আমরা আছি। তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার, তা করা হচ্ছে।