চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ ৪ জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১০ , ০৩:০৪ পিএম

চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ ৪ জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।  তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে।

আটক চারজন হলো- চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর এলাকার আব্দুল মোনাফের ছেলে মোজাহের হোসেন রুবেল (২৮), লোহাগাড়া থানাধীন রাজঘাটা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আরাফাত (৩০), ঢাকার গুলশান থানাধীন নর্দ্দা এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. হাসান প্রকাশ রতন (৩০) ও আনোয়ারা থানাধীন উত্তর সারেঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. জালাল উদ্দিন (৩৫)।  এদের মধ্যে মোজাহের হোসেন রুবেলকে ১৩ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়া রাস্তার মাথা থেকে, মো. আরাফাতকে ১ হাজার পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে, মো. হাসান প্রকাশ রতনকে ৩ হাজার পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এবং মো. জালাল উদ্দিনকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ারা বারশত কালিবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।