কোতোয়ালীতে অস্ত্র ও গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ০৫:৫৪ পিএম

কোতোয়ালীতে অস্ত্র ও গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ ২জনকে গ্রেফতারের করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।  

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার বাংগরা থানাধীন পূর্বধইর এলাকার মো. আবদুল খলিল মিয়া প্রকাশ খলিলুর রহমানের ছেলে মো. ওসমান মিয়া প্রকাশ ওসমান (২৯) ও ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন দক্ষিণ করিমপুর এলাকার আনোয়ার হোসেন প্রকাশ কাজলের ছেলে মো. আরিফ (১৯)। তারা আকবরশাহ এলাকায় বসবাস করতেন।  

পুলিশের দাবি, তারা ২জন শীর্ষ সন্ত্রাসী। গ্রেফতার ওসমানের বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। আকবরশাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ওসমান। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ওসমান ও তার সহযোগীরা।

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, বুধবার ভোরে আকবরশাহ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় ওসমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।