ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট ১২ নভেম্বর

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ০৪:২৯ পিএম

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট ১২ নভেম্বর ছবি: সিটিজেন নিউজ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এ তারিখ ঘোষণা করেন তিনি।

আজ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের দিন নির্ধারণ করা হয়। এরপরই সচিব গণমাধ্যমকর্মীদের নির্বাচনের তারিখ জানান।

নির্বাচন কমিশন সচিব জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।

এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।