স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে মিজান

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৫:৫৭ পিএম

স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে মিজান ছবি: সিটিজেন নিউজ

সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত মামলার প্রধান আসামি মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (২৬ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়কে পথরোধ করে মিজানুর রহমান। তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় পরদিন মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা করেন।