শিকলবাহায় ২ কোটি টাকার ইয়াবাসহ ২জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৩ , ০১:০০ পিএম

শিকলবাহায় ২ কোটি টাকার ইয়াবাসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬শ’ ৪০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ সেপ্টেম্বর)শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন – মুন্সিগঞ্জের লৌহজং থানার আকরাম হোসেনের ছেলে হাবিবুর রহমান (৬১) ও কক্সবাজারের রামু থানার আব্দুর রহিমের ছেলে মো.আরিফ উল্লাহ।

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলি থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬শ’ ৪০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে। তারা একটি ট্রাকে সুকৌশলে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলো।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ০১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।আটককৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।