প্রধানমন্ত্রীর মানবিকতায় খালেদা জিয়া মুক্ত হয়েছেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২২ , ০৫:০৬ পিএম

প্রধানমন্ত্রীর মানবিকতায় খালেদা জিয়া মুক্ত হয়েছেন ছবি: সিটিজেন নিউজ

বেগম খালেদা জিয়া কোনও আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়নি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে মানবতার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এরপরেও বিএনপি নেতারা দোষারোপ করে। তাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা যে সরকারের বিরুদ্ধে নতুন করে বিষদগার করছেন, এটা তাদের নোংরা রাজনীতির বহিপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপির মত একটি বড় দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে। তাদের দলের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করে-নোংরামি করে, এটা আসলেই হতাশাজনক।

এসময় কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নূরুন-নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।