ইউএনও হত্যা চেষ্টা মামলায় নতুন মোড়

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৩ , ০৯:০০ এএম

ইউএনও হত্যা চেষ্টা মামলায় নতুন মোড় ছবি: সিটিজেন নিউজ

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার মামলায় পুলিশের তদন্তে নতুন মোড় নিয়েছে। নৈশপ্রহরী পলাশের সহযোগিতায় ওয়াহিদা খানমের ওপর হামলা চালায় মালি রবিউল। সংবাদ সম্মেলনে নতুন এ তথ্য জানিয়েছে পুলিশ।

এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে ছয়দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। তার সহযোগী নৈশ প্রহরী পলাশ ও রিমান্ড শেষ হওয়া আসামি আসাদুলকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হত্যাচেষ্টার ঘটনা নিয়ে দেখা দিয়েছে ধু্ম্রজাল। ঘটনার পর ৪ সেপ্টেম্বর আসামি আসাদুলকে গ্রেফতার করে র‌্যাব। সে সময় তারা জানায় চুরির উদ্দেশেই আসামি আসাদুলের সহযোগিতায় নবীরুল হামলা করে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর।

এদিকে, শনিবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের বরখাস্ত কর্মচারী রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

তারা জানায়, রবিউলের আঘাতেই আহত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। ররিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত হাতুড়িও। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশকে জানায়, ঘটনা লুকাতে পুড়িয়ে ফেলা হয়েছে ঘটনার দিন ব্যবহৃত শার্ট, ক্যাপ ও গামছা।