যশোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৮ , ১০:১৩ এএম

যশোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ছবি: সিটিজেন নিউজ

যশোরের বাঘারপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন (২৮) ও শাওন হোসেন (২৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

নিহত শামীম হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে ও শাওন হোসেন বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার রমজান আলীর ছেলে। আহত ট্রাক ড্রাইভার ফজলুর রহমান (৬০) ময়মনসিংহয়ের মুক্তাগাছা উপজেলার মঙ্গলসেন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ও শাওন মোটরসাইকেলযোগে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের কেষ্টপুরে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনই নিহত হন। এসময় ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে এতে ট্র্রাকের ভেতরেই চালক আটকা পড়েন ও হেলপার সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।

খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় দুই ঘন্টার চেষ্টায় আহত ট্রাক চালককে উদ্ধার করা হয়।