সীমান্তে বুনোহাতির মৃতদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৪:২৪ পিএম

সীমান্তে বুনোহাতির মৃতদেহ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের গারো পাহাড় থেকে একটি বুনোহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বনবিভাগ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার গভীর রাতে একটি মাদি বুনোহাতি অসুস্থ অবস্থায় কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ফল ও কাঠবাগান সংলগ্ন স্থানে মরে পড়ে থাকে। ভোরে এলাকাবাসী হাতিটির মরদেহ দেখতে পেয়ে বনবিভাগকে অবহিত করে। পরে বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের নিয়ে আসে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বা'দিকে একটি ছিদ্র রয়েছে। এটি দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়।

অন্যদিকে, বয়স্কজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।