সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৯:৩১ এএম

সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ছবি: সিটিজেন নিউজ

বাংলাদেশের চলচ্চিত্রের রুপালি পর্দার নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ। আজ রবিবার (৬ আগস্ট) তার ২৪তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি, নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সালমান শাহ আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন সালমান শাহ।

তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। নায়িকা শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি ১৪টি ছবিতে জুটি বেঁধেছেন। এ ছাড়াও টেলিভিশনে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়।

তার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। সালমান শাহ্‌ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম সামিরা।