শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২০ , ০৯:২৫ পিএম

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

শেরপুরের শ্রীবরদীতে বিদুৎস্পৃষ্ট হয়ে ইমারত নির্মাণকর্মী সাহেব আলী (৩২) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে একটি নির্মাণাধীন ইমারতে কাজ করতে গেলে এই ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বটতলা বাজারের পাশে তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন কয়েকজন ইমারত নির্মাণকর্মী। সেখানে পার্শ্ববর্তী একটি রাইস মিল থেকে বিদ্যুৎতের সংযোগ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ওই নির্মাণাধীন বাড়ির পাশে একটি গর্তে সাহেব আলী ও রবিউল ইসলাম কাজ করছিলেন।

এসময় রাইস মিল থেকে বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এলে দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।