শেরপুরে কাপড় শুকাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৬ , ১১:১৪ এএম

শেরপুরে কাপড় শুকাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় শফিউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) ও ইয়াকুব আলী (৩৫)। ওই দুই ভাইয়ের প্রত্যেকের দুজন করে সন্তান রয়েছে। বড় ভাই ইউসুফ আলী ঢাকায় কাপড়ের ব্যবসা করছিলেন। আর ছোট ভাই ইয়াকুব আলী একজন কৃষক।

রবিবার (১৬ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম খান সিটিজেন নিউজকে জানায়, বিকালে ইয়াকুব আলী গোসল শেষে ভিজা লুঙ্গি বিদ্যুতের তারে শুকাতে দেয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে ওই তারের সঙ্গে ঝুলে পড়ে। এ ঘটনা প্রত্যক্ষ করে ছোট ভাই ইয়াকুবকে বাঁচাতে স্পর্শ করলে ইউসুফ আলীও বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।