খুলনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১০ , ১১:৪৬ এএম

খুলনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবি: সিটিজেন নিউজ

খুলনার পাটকেলঘাটা থানায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান লিটু এবং ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার সাকিব হোসেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, মির্জাপুর বাজারের অদূরে শ্মশান ঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মাথায় আঘাত পেয়ে মারা যান। পরে পাটকেলঘাটা থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।