মেহেরপুরে ট্রাকচাপায় ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০২ , ০৫:০০ পিএম

মেহেরপুরে ট্রাকচাপায় ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

খুলনা জেলার মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় এটিএন নিউজের এক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার বামুন্দী পশুর হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন এটিএন নিউজের এইচআর বিভাগের সহকারী প্রধান মকবুল হোসেন (২৯)। গাংনী উপজেলার বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে তিনি। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।

অপরজন হলেন মকবুলের বন্ধু আক্তার উজ্জামান (২৮)। গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেলে করে বামুন্দী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখে পড়েন। ট্রাকচাপায় তারা আহত হন। এলাকাবাসী তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলায় গাংনী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।