মাদক কারখানার সন্ধান পেল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৯:৩৭ এএম

মাদক কারখানার সন্ধান পেল পুলিশ ছবি: সিটিজেন নিউজ

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে মাদক তৈরির কারখানা সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ যন্ত্রপাতি জব্দ করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় মাদক করাখানার মালিক নাজমুলের স্ত্রী লাবনিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, পরিবহন ব্যবসার কথা বলে নাজমুল একটি বহুতল বাড়ি ভাড়া নিয়ে আঁড়ালে মাদকের কারখানা গড়ে তোলো।  

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সিটিজেন নিউজকে জানান, গত ৩ মাস আগে বদলগাছী উপজেলার বৈরাগী পাড়ায় পরিবহন ব্যবসার কথা বলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির বহুতল বাড়ি ভাড়া নেয়। এরপর গোপনে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো ওই ভবন।

আব্দুল মান্নান মিয়া বলেন, সেখানে তৈরিকৃত মাদক প্যাকেটজাত করে বাজারে বিক্রি করত তারা। শনিবার (২৭ জুন) রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় নাজমুলের স্ত্রী লাবনিকে আটক করা হয়। কারখানার মালিক নাজমুল হোসেনকে ধরতেও অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।