আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৩ , ০৯:৩১ এএম
ছবি: ইন্টারনেট
অনেক দেশেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল চালু হয়নি এখনও। তাই হজযাত্রীদের যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিলই। এবার সৌদি আরবের পক্ষ থেকে জানানো হলো, এ বছর হজ হবে, তবে নিয়ম মেনে এবং সীমিত পরিসরে। শুধু সৌদি আরবে বসবাসরতরাই এবারের হজে অংশ নিতে পারবেন।
শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ বছর হজ পালনের অনুমতি পাচ্ছেন। এ বছর বহির্বিশ্ব থেকে কোনো হজযাত্রী হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়, ২০২০ সালে বহির্বিশ্বের হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসরত নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি গতকাল সোমবার জানিয়েছে, খুবই কম সংখ্যক মানুষ নিয়ে হজ আয়োজন হবে এবার। যারা আগে থেকেই সৌদি আরবে রয়েছেন, তারাই কেবল অংশ নিতে পারবেন এবারের হজে।
চলমান করোনভাইরাস মহামারির হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।
হজ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাকসিনের অভাবে এবং সামাজিক বিচ্ছিন্নকরণের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ থেকে বহু মানুষ এলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না বলেই এমন সিদ্ধান্ত।
প্রতি বছর অন্তত ২০ লাখ মানুষ হজে অংশ নেয়। ২০১৯ সালে হজপালন করেছেন ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে সৌদি আরবের নাগরিক ছিলেন দুই লাখ ১১ হাজার তিনজন আর সৌদি আরবে কর্মরত বিভিন্ন দেশের চার লাখ ২৩ হাজার ৩৭৬ জন নাগরিক হজ পালন করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.