বগুড়ায় মা-ছেলের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১১ , ১২:১৪ পিএম

বগুড়ায় মা-ছেলের লাশ উদ্ধার ছবি: ইন্টারনেট

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মা ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০জুন) উপজেলার আমষট্ট এলাকা থেকে  তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে অ্যালুমিনিয়াম ফসফাইড (গ্যাস ট্যাবলেট) সেবন করে আত্মহত্যা করেছেন মা ও ছেলে।

বিষয়টি নিশ্চিত দুপচাঁচিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমষট্ট হিন্দু পাড়ার বাসিন্দা নিতাই চন্দ্রের সঙ্গে বুধবার দুপুরে তার স্ত্রী সরস্বতী ও ছেলে রবীন্দ্রের ঝগড়া হয়। পারিবারিক বিষয় নিয়ে ওই বাকবিতণ্ডার একপর্যায়ে মা-ছেলে পুকুরে প্রয়োগের জন্য ঘরে রাখা গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিকেলের দিকে স্বজনরা টের পেয়ে তাদেরকে হাসপাতালে নেয়ার পথেই প্রাণ হারান সরস্বতী। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতে ছেলে রবীন্দ্রও মারা যান।

ওসি জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।